সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে লেনদেন পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের সিংগাইর সিএনজি স্ট্যান্ডের দক্ষিণ পাশে লন্ডনার্স রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনা সদর থানার সালগারিয়া সরদারপাড়ার মো. জাহাঙ্গীর আলম (৪৫), নুরপুরের মো. রেজাউল কবির (৫৪), রাধানগরের ওবায়দুর রহমান (৬৮) এবং গাইবান্ধা সদর থানার ফুলবাড়ী এলাকার মো. সুজন (৪৩)।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে মোবাইল ফোন ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগভিত্তিক কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ডিভাইসগুলোতে Binance অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি USDT এবং বিকাশ-নগদের মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর ও উত্তোলনের কার্যক্রম পরিচালনার তথ্য উল্লেখ করেছে পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি সাত দিনের রিমান্ড আবেদনসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।