Oplus_131072

সাভার প্রতিনিধি: সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। মজিদপুর, শাহীবাগ, ডগরমোড়া, দিলখুশাবাগ, স্বরনীকা ও ইমান্দিপুর এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ পরিস্থিতিতে মশক নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস এমনকি বিগত বছরেও এসব এলাকায় মশা নিধনের জন্য পৌরসভার পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ ছিটানো হয়নি। ফলে মশার উপদ্রব বাড়ার পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ নিয়েও স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকার প্রজন্ম মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াবেটিস সেন্টার এবং ইবনে সিনা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

এলাকাবাসী আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই নয়, বরং জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা জরুরি।এ অবস্থায় সাভার পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।