
সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।শুক্রবার (২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুলের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকার ২৬৮/২ নম্বর বাসায় বসবাস করতেন।ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।ডিবি পুলিশ জানায়, অভিযানে রায়হানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রায়হান ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

