সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজ ‘Genie, Make a Wish’ মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিরিজটির নায়ক চরিত্রের নাম ‘Iblis’, যা ইসলামে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত। ফলে অনেক মুসলিম দর্শক মনে করছেন, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। সামাজিক মাধ্যমে #CancelGenie এবং #BoycottNetflix হ্যাশট্যাগে বয়কট আন্দোলন ছড়িয়ে পড়েছে।

বিতর্কের জেরে মুসলিম দেশগুলোর দর্শকরা নেটফ্লিক্সে সিরিজটির প্রদর্শন বন্ধের দাবি তুলেছেন। অনেকে বলছেন, “Iblis” নামটিকে রোমান্টিক বা নায়কোচিত চরিত্রে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। এদিকে সিরিজ নির্মাতারা দাবি করেছেন, পুরো গল্পটি দেখলে ভুল ধারণা কেটে যাবে, কারণ চরিত্রটির প্রেক্ষাপট ধর্মকে বিদ্রূপ নয়, বরং প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে।

বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন ইলন মাস্ক, যিনি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “Cancel Netflix.” তাঁর দাবি, নেটফ্লিক্সে প্রকাশিত অনেক কনটেন্টে “ওয়োক” বা নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই আহ্বানের পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, ফলে এক সপ্তাহে নেটফ্লিক্সের শেয়ারমূল্য প্রায় ৫% কমে যায়।

ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা অবহেলার অভিযোগে এখন নেটফ্লিক্স কঠিন চাপের মুখে। আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও প্ল্যাটফর্মটি এখনো সিরিজটি সরায়নি, তবে বিতর্ক ঠেকাতে নির্মাতারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।