আজ ৮ অক্টোবর উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক অমর কিংবদন্তি, ‘সুর সম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।
১৮৬২ সালের এই দিনে তৎকালীন ত্রিপুরা প্রদেশের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর শিবপুর গ্রামে) এক সংগীতপ্রেমী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সদর হোসেন খাঁ নিজেও একজন প্রতিষ্ঠিত সঙ্গীতজ্ঞ ছিলেন।
শৈশব থেকেই সুর ও প্রকৃতির মেলবন্ধন ছিল তার অনুরাগের কেন্দ্র। মাত্র দশ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে যাত্রাদলে যোগ দেন এবং গ্রামবাংলার লোকসংগীত যেমন জারি, সারি, বাউল, ভাটিয়ালি—এসবের সঙ্গে পরিচিত হন। পরে কলকাতায় গিয়ে গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্ব লাভ করেন এবং পরে যন্ত্রসংগীতে মনোনিবেশ করেন।
আজ এই বিশেষ দিনে, সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে পুরান ঢাকার লালবাগ কেল্লায় এক ধ্রুপদী সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খানসহ তরুণ ও প্রতিভাবান শাস্ত্রীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশ করবেন।
এই দিনে সঙ্গীতপ্রেমীরা তাঁকে স্মরণ করছেন, তাঁর সৃষ্টি ও শিক্ষাদান ধারাকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখার অঙ্গীকার নিয়ে।
