মোঃ রাকিবুল ইসলাম, সাভার প্রতিনিধি : সাভারে হানী ট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে নারীসহ চার সদস্যের একটি অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়িও জব্দ করা হয়।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সাভারের জামশিং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো —
রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মোঃ জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার সতাং গ্রামের মোঃ আঃ হাকিমের ছেলে জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯) এবং শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মোঃ বজলুর মিয়ার ছেলে কাওসার হোসেন কনক (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হানী ট্র্যাপের মাধ্যমে ভিকটিমদের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার পাশাপাশি অপহরণ করে মুক্তিপণ আদায় করত।
এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
