“বিপন্নতার যুগেও শিক্ষকদের প্রতিশ্রুতি রক্ষা” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন জনাব এম এইচ বাহাউদ্দিন, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নড়াইল জেলা শাখা।
বিশেষ অতিথি ছিলেন জনাব আতিকুর রহমান বাবু, প্রভাষক, লোহাগড়া সরকারি কলেজ ও সহসভাপতি, কেন্দ্রীয় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন; এবং মাওলানা ওয়ায়েজুল কায়সার, সভাপতি, লোহাগড়া উপজেলা শিক্ষক ফেডারেশন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাকির হোসেন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মাকসুদুর রহমান।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাই তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো নিরুৎসাহিত করে বরং বিদ্যালয়ের ভেতরেই মানসম্পন্ন পাঠদানের প্রতি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠলে শিক্ষার্থীরা হবে আদর্শ নাগরিক ও সুশিক্ষিত মানুষ।”
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও দায়িত্ব সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
