মো: রাকিবুল ইসলাম সাভার প্রতিনিধিঃ আশুলিয়া ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ফলে সেবার মান বাড়ছে, রাজস্ব আদায়ও বৃদ্ধি পাচ্ছে। জনসাধারণের দাবি, দায়িত্বশীল নেতৃত্বের কারণেই পরিষদের কাজ এগোচ্ছে নতুন গতিতে।


৫ আগস্টের পর ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবীন দায়িত্ব নেওয়ার পর পরিষদে দৃশ্যমান পরিবর্তন আসে। তাঁর নেতৃত্বে আর্থিক শৃঙ্খলা ও প্রশাসনিক তদারকি জোরদার হয়েছে। সচিব আব্দুল হালিমও নিয়মিত অফিসে থেকে জনগণের কাছে সেবা পৌঁছে দিচ্ছেন।


স্থানীয় উন্নয়নের মধ্যে রয়েছে রাস্তা, সেতু, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণীসম্পদ, স্যানিটেশন ও বাজার ব্যবস্থাপনা। একই সঙ্গে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, অভিযোগ নিষ্পত্তি, সামাজিক সালিশ ও আইনশৃঙ্খলা রক্ষার কাজও সমানভাবে এগোচ্ছে।


আজরা জাবীন বলেন, “ইউনিয়ন পরিষদে বিগত দুই অর্থ বছরের তুলনায় এ বছর ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটি সম্ভব হয়েছে ‘ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল ২০১৩’ অনুসারে স্বচ্ছতার সাথে কর আদায় করার ফলে। সুতরাং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারের অবকাশ নেই। এই আইন প্রয়োগের ক্ষেত্রেও আমরা কারখানা মালিকদের ইতিবাচক সহযোগিতা পাচ্ছি।”

তিনি আরও বলেন, এই স্বচ্ছ কর ব্যবস্থা শুধু রাজস্ব বৃদ্ধি নয়, জনগণের আস্থাও ফিরিয়ে এনেছে।

অপরদিকে সচিব আব্দুল হালিম বলেন, “আমরা চেষ্টা করছি জনসাধারণকে সর্বোচ্চ সেবা দেওয়ার। কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্দিষ্ট নিয়মে প্রতিটি সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” দক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা ও দ্রুত সেবার কারণে আশুলিয়া ইউনিয়ন পরিষদ এখন অন্য ইউনিয়নগুলোর জন্য মডেল হয়ে উঠছে।