কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি লেন্ডক্রুজার জিপ (স্থানীয়ভাবে পরিচিত চান্দের গাড়ি) উল্টে গিয়ে অন্তত ৬-৭ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া বিজিবি চেকপোস্ট অতিক্রম করার কিছুক্ষণ পর।
স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকবাহী চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। কিছুক্ষণের মধ্যেই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শী পর্যটক রাইজুল ইসলাম জানান, বিপরীত দিক থেকে একটি অটো আমাদের লেনে চলে আসে। তাকে জায়গা দিতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান। ঘটনাটি আমার চোখের সামনে ঘটে। আমরা তখন পিছনের গাড়িতে ছিলাম।
