বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র শিল্পীরা ইসরায়েলের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বয়কটের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ‘Film Workers for Palestine’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত খোলা চিঠিতে বলা হয়, তারা ইসরায়েলের সরকার সমর্থিত ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমা হল, সম্প্রচারক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না। অভিযোগ করা হয়, এসব প্রতিষ্ঠান গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের সঙ্গে যুক্ত।
প্রথমে প্রায় ১,২০০ জন শিল্পী এই বয়কট চুক্তিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৪,০০০-এ। চুক্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী Emma Stone, Olivia Colman, Javier Bardem, Joaquin Phoenix, Ava DuVernay ও Mark Ruffalo’র মতো আন্তর্জাতিক তারকারা। তাদের দাবি, এই বয়কট হচ্ছে একটি প্রতিবাদের ভাষা, যা বিশ্বকে গাজায় চলমান দমননীতি ও নিপীড়নের বিষয়ে আরও সচেতন করবে।
তবে ইসরায়েলের চলচ্চিত্রকার ও প্রযোজকরা এই সিদ্ধান্তকে “ভ্রান্ত” এবং “সংলাপবিরোধী” বলে অভিহিত করেছেন। তাদের মতে, চলচ্চিত্র শিল্প সবসময় মতবিনিময় ও বোঝাপড়ার জায়গা তৈরি করে, কিন্তু এ ধরনের বয়কট বিভাজন আরও বাড়াবে।
এই বয়কটকে ঘিরে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থান, আবার কেউ মনে করছেন শিল্প ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এটুকু নিশ্চিত, গাজা ইস্যুতে এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে।
