রাশিয়ার রাজধানী মস্কো-তে অবস্থিত Embassy of the People’s Republic of Bangladesh, Moscow বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ ও ২৬ এপ্রিল উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হবে। প্রথম দিন সকাল জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। পরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। একই সঙ্গে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশি পণ্যের স্টল উদ্বোধন করা হবে। দিনব্যাপী কর্মসূচিতে দূতাবাস পরিবারের সদস্য ও প্রবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম দিনের কর্মসূচি দুপুরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে এবং রাতে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

দ্বিতীয় দিনেও বাংলাদেশি পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম চলবে। পাশাপাশি রাশিয়ার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাণিজ্যিক কার্যক্রম আয়োজন করা হয়েছে।

এ ছাড়া, ২৭ এপ্রিল Russian Academy of Arts-এ বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে। সাত দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।

দূতাবাস জানায়, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি পণ্যের মেলা ও প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটি সফল করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং বাংলাদেশি পণ্যের প্রচার-প্রসার জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।