নিউ ইয়র্কের এলমন্টের ইউবিএস অ্যারেনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৪২তম এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস। এবারের আসরের মূল আকর্ষণ ছিলেন পপ তারকা লেডি গাগা। সর্বাধিক ১২টি মনোনয়ন পেয়ে তিনি জিতে নিয়েছেন চারটি পুরস্কার, যা তাঁকে এবারের আসরের সবচেয়ে সফল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্ণাঢ্য এই আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় র‌্যাপার এলএল কুল জে। প্রথমবারের মতো ভিএমএ’স সম্প্রচারিত হয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-এ, পাশাপাশি এমটিভি ও প্যারামাউন্ট প্লাসেও সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করেছেন দর্শকরা। লেডি গাগা জিতেছেন ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ খেতাব, আর ভিডিও অব দ্য ইয়ারের পুরস্কার জিতে নিয়েছেন আরিয়ানা গ্রান্ডে তাঁর আলোচিত গান Brighter Days Ahead-এর জন্য। নতুন প্রতিভাদের মধ্যে অ্যালেক্স ওয়ারেন সেরা হিসেবে নির্বাচিত হন।

এছাড়া রোজে ও ব্রুনো মার্সের জনপ্রিয় গান Apt. জিতে নেয় ‘সং অব দ্য ইয়ার’ খেতাব। বিশেষ সম্মাননায় মারাইয়া কেরি পেয়েছেন মর্যাদাপূর্ণ মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড। তিনি নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি বাস্টা রাইমসকে দেওয়া হয় ‘রক দ্য বেলস ভিশনারি অ্যাওয়ার্ড’ এবং রিকি মার্টিন পান ‘লাতিন আইকন অ্যাওয়ার্ড’।

দর্শক রেটিংয়ের দিক থেকেও এবারের আসর নতুন রেকর্ড গড়েছে। গত বছরের তুলনায় এবার অনুষ্ঠানটি দেখেছেন ৪২ শতাংশ বেশি দর্শক। আয়োজকরা জানাচ্ছেন, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে সফল ভিএমএ আয়োজন। লেডি গাগার জয়জয়কারে এবারের ভিএমএ শুধু পুরস্কারের আসরেই নয়, দর্শকের মনেও বিশেষভাবে স্থান করে নিয়েছে।