বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খান তাঁর নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং শুরু করেছেন লাদাখে। সম্প্রতি সিনেমার সেট থেকে তাঁর প্রথম লুক প্রকাশিত হয়েছে, যা দেখে মুগ্ধ ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ছবিতে সালমানকে দেখা যাচ্ছে আর্মি ইউনিফর্মে, গম্ভীর চেহারায় এবং গোঁফসহ একেবারেই নতুন রূপে।

প্রকাশিত ছবিতে ক্ল্যাপবোর্ডে লেখা ছিল সিনেমার নাম ‘ব্যাটল অব গালওয়ান’, তবে সালমানের মুখ আংশিক ঢাকা থাকায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। জানা গেছে, ছবির গল্প ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনা সেনাদের সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। সালমান খানে এখানে একজন সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন। এ চরিত্রের জন্য তিনি শারীরিক রূপান্তর এনেছেন, যা ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

শুটিং শুরু হয়েছে লাদাখের দুর্গম এলাকায়, যেখানে ছবির ক্লাইম্যাক্স দৃশ্য ধারণ করা হচ্ছে। এর আগে মুম্বাইয়ের বন্দরার মেহবুব স্টুডিওতে বিশাল সেট তৈরি করা হলেও তা ভেঙে ফেলা হয়। নির্মাতারা জানিয়েছেন, মুম্বাই ও লাদাখের শুটিংয়ের মধ্যে সময় ব্যবধান হলে ধারাবাহিকতা নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। তাই শুটিং শুরু হয়েছে সরাসরি লাদাখেই।

প্রথম লুক প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, সালমান খানের ক্যারিয়ারে ‘ব্যাটল অব গালওয়ান’ একটি ভিন্ন মাত্রার কাজ হয়ে উঠবে। যুদ্ধভিত্তিক এই ছবিটি সালমানের অভিনয় জীবনে নতুন দিগন্ত যোগ করতে পারে বলেই প্রত্যাশা করছেন ভক্তরা।