রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে ছুরিকাঘাতে হত্যার নৃশংস ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিচারকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও বিচারব্যবস্থার স্বাধীনতা রক্ষার দাবিতে মানববন্ধন-প্রতিবাদ কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচে জড়ো হয়ে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। হাতে প্লেকার্ড নিয়ে তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি উত্থাপন করেন।

প্রতিবাদকারীরা বলেন, “বিচারকরা যখন নিরাপত্তাহীনতায় ভুগবেন, তখন বিচার বিভাগের স্বাধীনতা বিপর্যস্ত হয়ে পড়বে। জনগণের ন্যায়বিচার তখন ঝুঁকির মুখে পড়ে যাবে। বিচারকদের জন্য শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিচারক ও পরিবারের জন্য বিশেষ প্রোটেকশন নিশ্চিত করতে হবে।”

তারা আরও বলেন,
“সাম্প্রতিক সময়ে বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা বেড়ে যাচ্ছে। এসব হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধীরা আরও বেপরোয়া হবে। আমরা একটি সভ্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই যেখানে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন।”

কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বিচারকদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।