কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাকিস্তানের জাতীয় কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের ‘খুদি তত্ত্ব’ নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজন করা হয় সেমিনারটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন পাকিস্তানের ইউনিভার্সিটি অব পাঞ্জাবের ইনস্টিটিউট অব উর্দু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের পরিচালক বিশিষ্ট অধ্যাপক ড. বাছিরা এমব্রিন এবং ইউনিভার্সিটি অব এডুকেশন লাহোরের ডিভিশন অব ইসলামিক অ্যান্ড ওরিয়েন্টাল লার্নিং-এর পরিচালক অধ্যাপক ড. ওয়াহিদ উর রহমান খান।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “ইকবালের ‘খুদি’ তত্ত্বে যে আত্ম-উন্নয়ন ও সমাজদর্শনের কথা বলা হয়েছে, তা বাস্তবে প্রয়োগ করতে পারলে দেশের বহু সংকট মোকাবিলা সম্ভব।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “খুদি কেবল ব্যক্তিগত সত্তা নয়; এটি মানবিক শক্তি, আধ্যাত্মিক উন্নয়ন ও আত্ম-চেতনার সম্মিলিত রূপ। ইকবাল মানুষের অন্তঃস্থ শক্তিকে জাগ্রত করতে চেয়েছেন।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “চিন্তা, দর্শন ও সৃষ্টিশীলতার দিক দিয়ে আল্লামা ইকবাল ছিলেন যুগান্তকারী। সমাজ, রাজনীতি ও আধ্যাত্মিকতার গভীর বিশ্লেষণ তাঁর রচনায় সুস্পষ্ট। স্বাধীনতা, সম্মানবোধ ও মানবিকতার বার্তা আজও বিশ্বজুড়ে গবেষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে।”
