সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মেঘনা ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন এবং সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণ ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা এখন ভেঙে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অপরাধ বাড়ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিইউপি শিক্ষার্থীর উপর নৃশংস ধর্ষণ এদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নির্দেশ করে।”

তারা প্রশ্ন তোলেন, চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও এখনো কেন তাদের গ্রেপ্তার করা হয়নি। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের এই উদাসীনতা নাগরিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং একটি নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীরা মেঘনা ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করে বিইউপি শিক্ষার্থীদের সঙ্গে মিরপুর-১০ পর্যন্ত বিক্ষোভে যোগ দেন।