মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের পাশে এক চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে প্রশাসনের নির্দেশে ইবি থানায় সোপর্দ করা হয়।
এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা স্লোগান দেয়—
“একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর”,
“ফ্যাসিস্টদের ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না”,
“ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও।”
আটক শিক্ষার্থীর নাম হুসাইন তুষার, তিনি অর্থনীতি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাসে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। সহপাঠীদের হয়রানি, গোপন কার্যক্রম পরিচালনা এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনার বিষয়ে তুষার বলেন,
“আমি অনার্স শেষ বর্ষের সব পরীক্ষা শেষ করেছি। আজ মাস্টার্সের ক্লাস করতে এসেছিলাম। আগে থেকেই ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছি।”
ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন,
“তুষার নামে এক শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীরা আটক করে প্রক্টর অফিসের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। বর্তমানে তিনি থানার হেফাজতে আছেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান,
“শিক্ষার্থীরা তুষারকে প্রক্টর অফিসে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে স্বীকার করেছে। পরবর্তীতে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।”
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম পূর্বে প্রশাসনের সিদ্ধান্তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবুও সংগঠনের কয়েকজন নেতা গোপনে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে সাধারণ শিক্ষার্থীদের।
