স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনে সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। স্টেশনের ক্যাশিয়ার ও ম্যানেজার ইকবাল হোসেন (২৪), সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে, নির্মমভাবে খুন হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের অফিস কক্ষে। সহকর্মী রতন-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর থেকেই রতন পলাতক ছিলেন। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে ঘাতক রতনকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা ও কর্মক্ষেত্রে দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয় সূত্র বলছে, ফিলিং স্টেশনে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়াকে কেন্দ্র করে সহকর্মীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন রতন। এরপর পরিকল্পিতভাবে ক্যাশিয়ার ইকবালকে নির্মমভাবে হত্যা করা হয়।
মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পিবিআই ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রতনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে।
