মো মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় পর্দানশীন নারীদের জন্য আলাদা কর্ণার চালু করা হয়েছে। ক্যাফেটেরিয়ার এক পাশে কালো কাপড় দিয়ে ঘেরা এই জায়গায় বসে নারী শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারবেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নতুন এই কর্ণারটি ঘুরে দেখেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, সিওয়াইবির নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “অনেক সময় নারী শিক্ষার্থীরা আমাকে জানিয়েছিলেন যে আলাদা বসার জায়গা দরকার। যারা পর্দা মেনে চলেন তারা যেন নির্ভয়ে খেতে পারেন—এই চিন্তা থেকেই কর্ণারটি করা হয়েছে। সিওয়াইবির নেতৃবৃন্দও এ বিষয়ে উদ্যোগ নিয়েছিল এবং সহযোগিতা করেছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ে একসাথে খাওয়া আমাদের সংস্কৃতির অংশ, তবে পর্দার নিয়ম মেনে চলা শিক্ষার্থীদের অধিকারও আছে। তাই উন্মুক্ত টেবিল যেমন থাকবে, তেমনি যারা গোপনীয়তা চান তাদের জন্যও সুযোগ রাখা হয়েছে।”
