মোসাদ্দেক হোসেন, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সহ-সভাপতি আল আমিন বলেন, “ভোলা জেলার কৃতি সন্তান ও মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে।”
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সমিতির সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, “আমিনুল হক নোমানীকে শুধু হত্যা করা হয়নি, বরং এটি দেশের শিক্ষিত আলেম সমাজকে আঘাত করার সমতুল্য। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আরও ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে।”
তিনি আরও বলেন, “ইন্টিরিম সরকার সাধারণ ছাত্র-জনতার রক্তের প্রতি দায়িত্বশীল নয়। যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, হক কথা বলে—তাদের লাশ পাওয়া যাচ্ছে। নোমান হত্যার বিচার না হলে ছাত্র সমাজ মাঠে নামবে।”
প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাওলানা আমিনুল হক নোমানীকে। তিনি ভোলা জেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মাওলানা এনামুল হকের পুত্র এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
