চট্টগ্রামের পটিয়ায় মো: সোহান (৭) নামে এক শিশুকে টগবগে গরম পানিতে হাত চুবিয়ে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার সোহান পটিয়া পৌরসদরের শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার নাযেরা বিভাগের ছাত্র। সোহানকে তার মামাবাড়ির লোকজন দেখাশোনা করতেন। সে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকার মো: হেনাম উদ্দিনের পুত্র।
জানা যায়, গত ২১/৮/২৫ রাত ৯ টার দিকে মাত্র ২০ টাকা চুরির অপবাদ দিয়ে তার হাত গরম পানিতে চুবিয়ে রাখার জন্য বলেন তার মাদ্রাসার এক শিক্ষক। উক্ত শিক্ষকের নির্দেশে সহপাঠীরা জোরপূর্বক তার হাত গরম পানিতে চুবিয়ে রাখে। এ সময় সে কান্নাকাটি করলেও তাতে কেউ কর্ণপাত করেনি। পরে মাদ্রাসা শিক্ষক জাবেদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পরিবারের কাছে পাঠিয়ে দেন।
সোহানের মামা শওকত আকবর বলেন, আমার ভাগ্নের উপর নির্যাতনের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালেও তারা কোন ধরনের ব্যবস্থা নেয়নি। উল্টো আমাদের হুমকি ও নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ভাগ্নের অবস্থা আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
মাদ্রাসার সেক্রেটারী মোহাম্মদ ইসহাক বলেন, ছেলেটি অসতর্কতাবশত গরম পানিতে হাত চুবিয়েছে। অসৎ উদ্দেশ্যে মাদ্রাসা কর্তৃপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল।
