মোসাদ্দেক হোসেন, ইবি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে “মুবারক র‍্যালির” আয়োজন করে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন কমিটি।

শনিবার(৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মুবারক র‍্যালিটি শুরু হয়। পরে ক্যাস্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।

এসময় কাজী আহবাব দস্তগীর আহ্বায়ক মিলাদুন্নবী (সাঃ) উদযাপন, কমিটির সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে এইদিনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই উজ্জাপিত হয় আসছে। এই মুবারক র‍্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সাঃ) এর চেতনা ও ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুলের (সাঃ) আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভুমিকা রাখবে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “আজকে এই দিনে আমাদের পেয়ারা নবি রাসুল সাঃ এর আগমন ঘটেছে। তাকে যে সমাজে পাঠানো হয়েছিল, সেই সময় আরবরা ছিল অপবিত্র। মানুষের হক নষ্ট করা ঘুনে ধরা এক সমাজে রাসূল (সাঃ) ছিলেন আলোকবর্তিকা স্বরুপ। তিনি আরবদের একটি আদর্শ এবং নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন।‌ আমাদের উদযাপন শুধু র‍্যালিতেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বরং রাসুলের সাঃ আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন অন্য সকল মানব রচিত জীবন পদ্ধতির উপর বিজয়ী করার জন্য। আমাদের দায়িত্ব রাসুলের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেয়া। এতেই রাসুলের ভালোবাসা প্রকাশ পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি।”