মেহেদী হাসান : আলোচনা সমালোচনায় থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড আবারো এসেছে আলোচনায়। সর্বশেষ টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট দলের দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাকে সড়িয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। এ যেনো দুইদিন পরপর রদবদলের খেলা খেলছে পিসিবি। বাংলাদেশ সিরিজের আগে গতকাল নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে তারা।

নতুন কমিটিতে এসেছে পরিবর্তন, যেখানে আগের কমিটিতে সদস্য সংখ্যা ছিলেন ৭ জন সেখানে বর্তমানে সেটি ৪ জন। আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে বহাল রেখে ঘোষণা করা হয়েছে এই কমিটি। দল নির্বাচনের ক্ষেত্রে দুই নির্বাচকের পাশাপাশি বিশেষ ভাবে ভূমিকা রাখবেন প্রধান কোচ ও অধিনায়ক।

সাদা বল ও লাল বলের অধিনায়কত্ব ও কোচ ভিন্ন। টেস্ট ক্রিকেটের জন্য প্রধান কোচের ভূমিকায় জেসন গিলেস্পি ও অধিনায়ক শান মাসুদ। অন্যদিকে সাদা বলের প্রধান কোচের ভূমিকায় গ্যারি কারস্টেন ও অধিনায়ক বাবর আজম।

নতুন কমিটির প্রথম এসাইনমেন্ট – ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দল গঠন করা। এছাড়া সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেওয়া হয়েছে নতুন এই কমিটিকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুইটি টেস্ট ম্যাচ খেলতে আগামী আগস্ট মাসে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ আগস্ট (রাওয়ালপিন্ডি) ও ২য় এবং শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট (করাচি)