ঢাকা প্রতিনিধি: জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber) হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।
পুলিশের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান পর্যটক ক্রিল। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় স্টেশনের ওয়েটিং রুমে অবস্থান করছিলেন তিনি। এ সময় ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে সেগুলো না পেয়ে নাটোর থানায় পুলিশের সহযোগিতা চান। পর্যটকের লিখিত অভিযোগের পর নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। একাধিক টিমের প্রচেষ্টায় গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে তাঁর ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ল্যাপটপে পর্যটকের গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। তবে হারিয়ে যাওয়া ক্যামেরাটি উদ্ধারের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। বাংলাদেশ ভ্রমণকালে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ল্যাপটপ উদ্ধারে অবদান এবং পুলিশের পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান ও সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত ও পেশাদার সেবা প্রদান এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
