কুমিল্লার লাকসাম উপজেলায় একটি ডোবা থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের একটি ফসলি মাঠে আবুল হাসেমের মালিকানাধীন ডোবায় বৃহস্পতিবার সেচ দেওয়ার পর স্থানীয়রা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র দেখতে পান। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সহিংস ঘটনার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব অস্ত্র মজুদ করে রেখেছিল। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেগুলো ডোবায় ফেলে দেয়।
এ বিষয়ে ওসি মাকসুদ আহাম্মদ বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো সহিংসতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
