বিশ্ব সংগীতে দ্রুত জনপ্রিয়তা পাওয়া মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘদিনের প্রেমিক, সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্লাঙ্কোর সঙ্গে গতকাল ২৭ সেপ্টেম্বর (শনিবার) ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

বিয়ের অনুষ্ঠানটি হয় সান্তা বারবারার সি ক্রেস্ট নার্সারিতে, যেখানে ঘনিষ্ঠ পরিবার-স্বজন ও প্রায় ১৭০ অতিথি উপস্থিত ছিলেন। বিয়ের আগের দিন ক্যালিফোর্নিয়ার হোপ র‍্যাঞ্চে ছিল রিহার্সাল ডিনার।

সেলেনা বিয়েতে পরেছিলেন রালফ লরেনের বিশেষ নকশার সাদা সাটিন হাল্টার নেক গাউন, আর বেনি ব্লাঙ্কো ছিলেন একই ব্র্যান্ডের ক্লাসিক কালো টাক্সেডোতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলর সুইফট, পল রাড, মার্টিন শর্ট, স্টিভ মার্টিন, প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্কসহ আরও অনেকে।

বিয়ের খবরটি সেলেনা গোমেজ নিজেই সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে নিশ্চিত করেন। সেই ছবিতে বেনি ব্লাঙ্কো মন্তব্য করেন—“My wife in real life।”

সেলেনা ও বেনি প্রায় এক দশক ধরে একে অপরকে চেনেন। তারা প্রথম একসঙ্গে কাজ করেন ২০১৫ সালে, পরে ২০১৯ সালে জনপ্রিয় গান I Can’t Get Enough–এও সহযোগিতা করেন। গত বছর ডিসেম্বর মাসে তাদের বাগদান হয়, আর অবশেষে এ বছরই ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পেলো বিবাহবন্ধনে।