নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই বন্ধু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ৩০০ ফিট পার হয়ে রূপগঞ্জ থানার বোলতা-গাওচিয়া সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার জিসান ও চান্দিনার ফয়সাল।
ভিকটিম জিসানের অভিযোগ, প্রথম ৩০ মিনিট কোনো ট্রাক বা বাস ড্রাইভার সাহায্য না করে উল্টো গাড়ি ঘুরিয়ে চলে যান। এক পর্যায়ে স্থানীয় একটি বাসায় গিয়ে সহায়তা চাইলে বাসিন্দারা সহযোগিতা না করে মেইন গেট থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে এক ট্রাক চালক ও তার হেলপার সহানুভূতি দেখান এবং ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জিসান ও ফয়সালকে উদ্ধার করে।
জিসান জানান, সন্ত্রাসীরা তাদের ওপর ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তার হাতে তিনটি, পায়ে দুটি এবং পিঠে একটি কোপ লাগে। একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে ফয়সালের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়, তাকে ৫-৮টি সেলাই নিতে হয়েছে।
আহতদের প্রথমে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় সন্ত্রাসীরা জিসানের Yamaha R15 V3 মোটরসাইকেল (ইন্দোনেশিয়ান ভার্সন) ও তার iPhone 14 Pro Max ছিনতাই করে নিয়ে যায়। জিসান বলেন, ফোনের অ্যাপল আইডি ও মোটরসাইকেলের ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ডসহ সমস্ত কাগজপত্র তার কাছে রয়েছে।
তিনি প্রশাসনের কাছে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারের জোর দাবি জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ করেছেন।
