মোসাদ্দেক হোসেন, ইবি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হয়েছে অ্যারাবিক ক্লাব। বিভাগের শিক্ষার্থীদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে তিনি রিটার্নিং অফিসার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম ও মো. মাজিদুল ইসলাম উজ্জ্বল। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আমির ফয়সাল ও আব্দুল মাজেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আমান উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুম্মান সারওয়ার ও মো. আসাদ উল্লাহ।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মো. হাফিজুল ইসলাম বলেন, “আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হলো। সেই যাত্রায় আমাকে সভাপতি নির্বাচিত করা আমার জন্য এক অনন্য সম্মান এবং বিশাল দায়িত্ব। এ জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “এই সম্মান একার নয়, বরং ক্লাবের প্রতিটি সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি সবার প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই দায়িত্বে নির্বাচিত করেছেন।”