দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহানের সাথে বৈঠক করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা ৩ দিনের মধ্যে লিখিত দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেছেন আরেক যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘বিতর্কিত শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন গোলাম ফারুক খোকন। এই সংক্রান্ত একটি ছবিও ভাইরাল হয়েছে। এই কারণে তাকে শোকজ করা হয়েছে।’

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, বিগত ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী, ভূমিদস্যু বসুন্ধরা কোম্পানির সাথে গোলাম ফারুক খোকনের গত ৩১ আগস্ট একটি ব্যবসায়িক মিটিং এর খবর বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ওই মিটিং এ উপস্থিত বসুন্ধরা কোম্পানির চেয়ারম্যান আকবর সোবহানের সাথে খোকনের তোলা একটি ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে। এই অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আগামী তিনদিনের মধ্যে একটি লিখিত জবাব কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দল।

তবে, এই বিষয়ে কথা বলতে গোলাম ফারুক খোকনের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

গত বছরের ১৭ জুন সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হন গোলাম ফারুক খোকন। এর আগে জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন তিনি।