টলিউডে একেরপর এক তারকার সংসারে ইতি টানার কথা শোনা যায়। এবার অভিনেতা আরেফিন শুভ ও ইতি টানতে চলেছেন তার দীর্ঘদিনের দাম্পত্য জীবনে। বুধবার অনুরাগীদের সাথে তাদের বিচ্ছেদের ঘোষণা করেন নায়ক আরেফিন শুভ।
সাড়ে নয় বছর আগে অভিনেতা বিয়ে করেছিলেন অর্পিতা সমাদ্দারের সঙ্গে।গত ২০ জুলাই বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়েছে বলে জানান এই অভিনেতা। তবে বিবাহ বিচ্ছেদ হলেও তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন শুভ।
বুধবারে ফেসবুকে একটি পোস্ট করেন আরেফিন শুভ। সেখানেই অর্পিতার সঙ্গে তার বিচ্ছেদের কথা জানিয়েছেন।ওই পোস্টে তিনি লিখেছেন “দেশের এমন পরিস্থিতিতে ব্যাক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি ও অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি , জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।”
প্রাক্তন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ লিখেন ” অনেক চড়াই-উৎরাই এর পরেও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন , সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী ।”
ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেছেন “মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে । কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।”
সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনার বিষয়টিও ওই পোস্টে উল্লেখ করেছেন শুভ। ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁদের সদগতি কামনার সঙ্গে আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করেন তিনি। সবার জীবনে এবং দেশেও যাতে শান্তি ফিরে আসেন সে কামনা করেন তিনি।
ফ্যাশন ডিজাইনার অর্পিতার সাথে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন আরেফিন শুভ। প্রায় সাড়ে নয় বছর পর তাদের সংসার ভাঙলো গত মাসের ২০ জুলাইয়ে ।
