ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বরোড গোলচত্বর ফ্লাইওভারের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে আরও একজন মারা যান।নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০), নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন (২১)। এ ঘটনায় আহত নাসিম মাতুব্বর (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত নাসিম মাতুব্বর ও সোহান নামে এক তরুণ তাঁদের এক আত্মীয়কে রক্ত দিতে গিয়েছিলেন। তবে তাঁরা কোন মোটরসাইকেলে ছিলেন এবং দুর্ঘটনার আগে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর একপর্যায়ে ফ্লাইওভারের ওপর যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন।এদিকে তিন তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত অপরজন চিকিৎসাধীন রয়েছেন