সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় খেলাধুলার সময় আমেনা খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। শুক্রবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা (৭)ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আটক আবু হোসাইন (৩৫) একই এলাকার আব্দুর রশিদের ছেলে। পুলিশ জানান, বিকেল তিনটার দিকে বাড়ির বাহিরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আমেনা। এ সময় আবু হোসাইন হঠাৎ ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় আমেনা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরপর স্থানীয় লোকজন আবু হোসাইনকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। অভিযুক্ত আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের দাবি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কি না, তা যাচাই করা হবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।