সুব্রত ঘোষ,বগুড়াঃ
বগুড়ায় মেয়েকে ধর্ষণ করার অপরাধে আব্দুল খালেক নামের এক পিতার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বগুড়া শিশু দমন ট্রাইবুনালের বিচারক জেলা দায়রা জজ মারুফ হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ রায় দেন।একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল খালেক (৫১)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আলী আসগর। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে খালেক তার মেয়েকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গিয়েছিলেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন খালেক।পরে শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দিলে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি সৎ মাকে বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে তিনি শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানায়। তাদের কাছ থেকে বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন।
এরপর ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা শেরপুর থানায় তার স্বামীর বিরুদ্ধে ধর্ষন মামলা করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট আলী আসগর বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।