সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়া – নওগাঁ মহাসড়কের বগুড়ার এরুলিয়া নামক স্থানে
একটি যাত্রীবাহী বাসের চাপায় সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে । তারা হলেন- গাইবান্ধার আমিরুল, নূর আলম, বেলাল এবং জয়পুরহাটের তাজমুল। অপর ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায় নি। নিহতদের লাশ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপর দিকে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম শফিক জানান, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনার স্থানে পৌছে উদ্ধার কাজে পুলিশ কে সহযোগিতা করে।
সুব্রত ঘোষ
বগুড়া