ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার প্রশাসনিক আওতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সম্ভাব্য এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণে চরম ভোগান্তির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।এলাকাবাসীর দাবি, তেঁতুলঝোড়া ইউনিয়নের ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সামাজিক যোগাযোগ দীর্ঘদিন ধরেই সাভারকেন্দ্রিক। ফলে ইউনিয়নটি কেরানীগঞ্জ উপজেলার অধীনে চলে গেলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সরকারি সেবা গ্রহণে জটিলতা সৃষ্টি হবে।স্থানীয়দের আশঙ্কা, এ পরিবর্তন কার্যকর হলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম, ভূমি অফিসের নামজারি ও রেকর্ড সংশোধন, জমি রেজিস্ট্রি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিষদ, সরকারি হাসপাতাল, সমাজসেবা, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণের জন্য কেরানীগঞ্জে যেতে হবে।তাদের মতে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ এবং অন্যান্য সরকারি সুবিধা পেতেও অতিরিক্ত সময় ও ব্যয় বহন করতে হতে পারে। একই সঙ্গে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের সমন্বয়েও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।এলাকাবাসী দ্রুত এ উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না। প্রয়োজনে এ বিষয়ে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

