সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া নামক স্থানে। নিহতদের মধ্যে লুৎফর রহমানের (৫০) নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি এক জন মাছ ব্যবসায়ী। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁয় মাছ বিক্রি করে ফিরছিল। সকাল ১০ টায় বগুড়া – নওগাঁ মহাসড়কের কাহালুর উপজেলার কাজিপাড়া নামক স্থানে পৌছিলে অন্য একটি ভটভটিকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপের চালক, হেলপার ও দু’জন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চারজনের মরদহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরন করে। এদিক পুলিশ জানায়, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে এবং অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
সুব্রত ঘোষ
বগুড়া
