সাব্বির আহমেদ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক। আগামী এক বছরের জন্য তাঁকে উপাচার্য এই দায়িত্ব দেন।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে, হলটিতে প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান-এর মেয়াদ শেষ হওয়ায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. আব্দুর রাজ্জাক-কে ৮ জুলাই (২০২৬) পরবর্তী ১ বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
এছাড়া একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করায় সদ্য বিদায়ী প্রভাস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান-কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
নবনিযুক্ত প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, লালন শাহ হলের হল প্রভোস্ট, “হল প্রভোস্টের দায়িত্বের চিঠি আজকে পেয়েছি। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে প্রধানত ছাত্রদের হলকেন্দ্রিক সমস্যাগুলো নিয়ে কাজ করব। আমি প্রথমত হল পরিদর্শন করব, হলের সমস্যাগুলো আইডেন্টিফাই করব; তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে লালন শাহ হলকে ইবির সবচেয়ে শিক্ষার্থীবান্ধব হলে রূপান্তর করার প্রচেষ্টা চালিয়ে যাব। তাছাড়া ভিসি স্যার নিজেও হলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থার কথা বলেছেন। যেখানে যে হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং সার্বিক দিক দিয়ে অগ্রগতি বেশি থাকবে, সে হলকে পুরস্কৃত করার ব্যবস্থা করবেন। আমার লক্ষ্য হচ্ছে লালন শাহ হলকে সবচেয়ে শিক্ষার্থীবান্ধব হলে রূপান্তর করা।”
