রাহাত শরীফ : মাদক কারবারিদের বিরুদ্ধে জীবনবাজি রেখে অভিযান পরিচালনা করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পরও দায়িত্ব থেকে পিছিয়ে যাননি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কৃতি সন্তান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিদর্শক ছিদ্দিকুর রহমান। তাঁর সেই অসীম সাহসিকতা, পেশাদারিত্ব ও দেশসেবার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত ২৬ জুন ২০২৬, **মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সাহসিকতা ও বীরত্বের সম্মাননা স্মারক এবং ক্রেস্ট তুলে দেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

এর আগে, ২ মার্চ ২০২৬ রাজধানীর সায়েদাবাদ রেললাইন এলাকায় পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে অংশ নেন ডিএনসির ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়ের খিলগাঁও সার্কেলের পরিদর্শক ছিদ্দিকুর রহমান। অভিযান চলাকালে মাদক কারবারিদের হামলায় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত হলেও দায়িত্ব পালনে তাঁর দৃঢ়তা, সাহসিকতা ও পেশাদারিত্ব সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসিত হয়।

ছিদ্দিকুর রহমান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. আকবর আলী। বর্তমানে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়ের খিলগাঁও সার্কেলে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এই গৌরবময় অর্জনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবার, আত্মীয়-স্বজন এবং গোপালপুরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলেন, রাষ্ট্রীয় এই স্বীকৃতি শুধু ছিদ্দিকুর রহমানের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো গোপালপুরবাসীর জন্যও গর্বের বিষয়।

অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা তাঁর কর্তব্যনিষ্ঠা, সততা, সাহসিকতা এবং দেশসেবার প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের প্রত্যাশা, ছিদ্দিকুর রহমানের মতো সাহসী কর্মকর্তাদের নিষ্ঠা, আত্মত্যাগ ও পেশাদারিত্ব ভবিষ্যতে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও অনুপ্রাণিত করবে।

দেশকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। ছিদ্দিকুর রহমানের এই রাষ্ট্রীয় সম্মাননা সেই সাহস, আত্মত্যাগ ও দায়িত্বশীলতারই উজ্জ্বল স্বীকৃতি।