গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে জঙ্গল নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রিফাত (১৫) নামে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত আহমেদ একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটি বাড়ির পাশে মাঠে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় রিফাত তাকে চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রিফাত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই রাতেই শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শিশুর পরিবার বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানালে, তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে কিশোরের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে একটি গ্রাম্য সালিশের আয়োজন করে। তবে সেই সালিশে কোনো মীমাংসা হয়নি।

শুক্রবার (৫ জুন) রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতেই শিশুটির মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম (পিপিএম বার) জানান:
“সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করেছে। এই ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”