জ্বালানি তেল ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরী শাখা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণবিরোধী মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে এবং বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

তারা অবিলম্বে জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ঘোষিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরী শাখা।