কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক বিরোধের ঘটনায় তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল আসার পর ঘটনাটি তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল।
পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. ফোরকান গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার এবং নেয়ামুল কবিরের স্ত্রী শেফালী বেগম।
বৃহস্পতিবার দুপুরে ওসি লুৎফুর রহমান বলেন, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত মারামারির ঘটনায় ৯৯৯-এর কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশের কাজে বাধা প্রদান এবং হত্যাচেষ্টার অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
