খুলনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক সংগঠন ‘নৈয়ায়িক’-এর উদ্যোগে ফ্রেশার্স ডিবেট লিগ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ২০ টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। তিনি তাঁর বক্তব্যে নবীন বিতার্কিকদের মেধা ও প্রাণচাঞ্চল্যের প্রশংসা করেন।

তিনি বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের আলোকবর্তিকা হিসেবে ‘নৈয়ায়িক’ দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও নতুন মেধাবী বিতার্কিকদের সন্ধানে ‘ফ্রেশার্স লিগ’-এর আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “সুস্থ ধারার বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীর চিন্তার জগতকে প্রসারিত করে এবং তাকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে।এই নবীন বিতার্কিকরাই হবে আমাদের আগামীর সম্পদ। তাদের হাত ধরেই ‘নৈয়ায়িক’ আবারও জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।”

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাবরিনা জাহান (ইকোনমিক্স), রাফিয়া রশিদ (সমাজবিজ্ঞান), নায়িমুল (এইচআরএম) সমন্বয়ে গঠিত দল।
রানারআপ হয় রায়শি হালদার প্রিথা (অ্যাগ্রোটেকনোলজি), রুমাইয়া হোসেন জারিয়া (বাংলা) এবং নন্দা গোপাল (ইংরেজি) সমন্বয়ে গঠিত দল।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পুনম চক্রবর্তী, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সারা মোনামী হোসেন এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আফসানা কবির প্রীতি।

এছাড়াও উপস্থিত ছিলেন ‘নৈয়ায়িক’-এর সভাপতি নওরিন হক, সাবেক সাধারণ সম্পাদক খালিদ আহমেদ এবং সাবেক সহ-সভাপতি মো. রাফিদ তাহিয়াতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নবীন বিতার্কিকদের সক্রিয় অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যৎ বিতর্ক চর্চার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তোলে।