আনিসুর রহমান : গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় হোপ লোন ইন্টিমেট লিমিটেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে এই সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তার অনুসারীদের নিয়ে হোপ লোন ইন্টিমেট লিমিটেড কারখানা থেকে ঝুট বের করতে যান। এ সময় ছাত্রদল নেতা ফরহাদ হোসেন তার সমর্থকদের নিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হারুন গ্রুপ ও ফরহাদ গ্রুপের সংঘর্ষের সময় ককটেলের বিস্ফোরণ হয়। এ সময় বিএনপি নেতা হারুনের গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সবাই চলে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করে পুলিশ।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, এ ঘটনায় কোনো অভিযোগ কেউ করেনি। তবে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
