মোঃ রাকিবুল ইসলাম| সাভার : সাভার পৌর নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট তানজিনা আফরিনের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইমান্দিপুর এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির মহিলা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট তানজিনা আফরিন। তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম, যুগ্ম আহ্বায়ক এম এ হানিফ, সদস্য রাসেল ও সোহেল রানা, সাঘাটা শ্রমজীবী কল্যাণ সংস্থার সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. বাছের আলী, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, শিক্ষক নেতা মো. নুরুদ্দীন, সাভার পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান, যুবদলের সাবেক প্রচার সম্পাদক রাকিব আহমেদ কাউসার, জাসাসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বিএনপি নেতা মনা সহ আরও অনেকে।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তানজিনা আফরিন বলেন, “আমি আপনাদের মেয়ে হয়ে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। নাগরিক সমস্যা সমাধান, নারী উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করাই আমার অঙ্গীকার।” তার বক্তব্যে উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন, নিরাপত্তা ও নারী-শিশু বিষয়ক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রার্থী মনোযোগ দিয়ে সেসব শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

উঠান বৈঠকটি পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।