আনিসুর রহমান : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানা এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকায় তার পরিবারসহ বাসা ভাড়া নিয়ে থাকতেন।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন সিদ্দিকুর রহমান। সকালে তিনি অফিসে কাজের উদ্দেশে বাসা থেকে বের হন। একপর্যায়ে টঙ্গী বাটা গেট এলাকায় উড়ালসেতুর ওপর বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

‎টঙ্গী পূর্ব থানা পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।