২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এখনও নিবন্ধন হয়নি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া দলটির পছন্দের শাপলা প্রতীক নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, তারা শাপলা প্রতীকেই অটল, এবং শতাধিক আইনজীবীর মতে, এটি প্রদানে কোনো আইনগত বাধা নেই।

তবে এনসিপির কাছে প্রতীক বা নিবন্ধনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে গণহত্যার বিচার ও শাসনব্যবস্থার সংস্কার। আখতার হোসেন বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন মানে পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া, যা আমরা হতে দেব না। নতুন কাঠামোর ভিত্তিতেই নির্বাচন হতে হবে।” তার দাবি, যারা নির্বাচিত হবেন, তারা সংস্কার প্রস্তাবনা অগ্রাহ্য করতে পারবেন না।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, দলটি নির্বাচনের জন্য প্রস্তুত, তবে সমাধান হিসেবে তারা গণপরিষদের কথা বলছে। শাসনতান্ত্রিক কাঠামোতে ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে, সেটাই তাদের মূল আপত্তি।

জোট গঠন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এনসিপি তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তিকে গুরুত্ব দেবে বলে জানিয়েছে। আদীব বলেন, তরুণ প্রজন্মকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

তবে নির্বাচনবিরোধী না হলেও এনসিপি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। দলটির মতে, নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী এখনো যথেষ্ট নিরপেক্ষ ও জনবান্ধব নয়। তাই তারা আমূল সংস্কারের দাবি তুলেছে।