বিতর্কের মঞ্চে একই প্রশ্নে দুই রকম উত্তরই শুধু হয়না, যুক্তিও থাকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে, শ্রীলঙ্কায় টি-২০ সিরিজ জিতে আসার প্রশ্নে বাংলাদেশের পেস অলরাউন্ডার তানজিম সাকিব যেমন বলেন, তাদের বিপক্ষে আমরা অনেক খেলেছি। খুব ভালো চেনা-জানা আছে। সিরিজ জিতে ফেরা আত্মবিশ্বাস দেবে।

লঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা গলা নামিয়ে কথা বলেননি। ঘরের মাঠে সিরিজ হারের স্মৃতি মাড়িয়ে মনে করিয়ে দিয়েছেন এশিয়া কাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন তারা, ‘আমরা এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেটাও আবার এই সংযুক্ত আরব আমিরাতে। প্রায় একই দল নিয়ে আমরা খেলতে নামছি। দল এখান থেকে উৎসাহ খুঁজছে।’

আবু ধাবিতে হংকং-এর বিপক্ষে জিতে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কা খেলবে নিজেদের প্রথম ম্যাচ। আবু ধাবির উইকেট ব্যাটিং বান্ধব হয়। যদিও মিডিয়াম পেসাররা বেশি সহায়তা পান। তানজিম জানিয়ছিলেন, নতুন বলে মুভমেন্ট ও স্কিড পাচ্ছিলেন তিনি। পুরনো হলে বল করা কিছুটা কঠিন। আশালঙ্কাও জানিয়েছেন, আমিরাতের সবচেয়ে ব্যাটিং বান্ধব উইকেট আবু ধাবিতে। বল নরম হলে ব্যাট করে দারুণ মজা পাওয়া যায়।

যার অর্থ বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটায় রানের লড়াই দেখা যেতে পারে। বাংলাদেশ একই একাদশ নিয়ে এই ম্যাচ খেলতে পারে। গতি দিয়ে বল করতে পারা তাসকিন আহমেদ হংকং ম্যাচে খরুচে ছিলেন, তবে দুই উইকেট নেওয়ায় দলের ভরসায় জায়গায় থাকবেন তিনি। গত ম্যাচে মুস্তাফিজ রান কম দিলেও উইকেট পাননি। তার থেকে দল মিডল ওভারে উইকেটও প্রত্যাশা করবে।

শ্রীলঙ্কা সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে খেলায়নি। বাংলাদেশের বিপক্ষে খেলবেন তিনি। বিপদজ্জনকও হতে পারে। লঙ্কান অধিনায়ক আশালঙ্কাও জানিয়েছেন, তিন পেসার নিয়ে খেলবেন তারা। ওই তিনজন হতে পারেন- দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা ও বিনোরা ফার্নান্দো। তবে চামিরার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা আছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, বিনোরা ফার্নান্দো, নুয়ান থুসারা।