মোসাদ্দেক হোসেন, ইবি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন,‘জীবনে সফলতা পেতে হলে আখিরাতমুখী ক্যারিয়ার গড়তে হবে।’ তিনি বলেন– ‘ক্যারিয়ার বলতে যদি শুধু খাওয়া ও বাঁচাকে বোঝাই, তাহলে পশু-পাখিরাই অনেক এগিয়ে। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন। যে মানুষ জ্ঞানের দ্বারা নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা পশু-পাখির থেকেও অধম।’

বৃহস্পতিবার (১১, সেপ্টেম্বর) দুপুরে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “আমাদের ক্যারিয়ার হবে রাসূল (সা.)-এর জীবনের মত। তিনি আমাদের দর্শন, তিনিই আমাদের সব। আল্লাহর কর্তৃত্ব ও রাসূলের নেতৃত্ব মানলে এটিই হবে প্রকৃত ক্যারিয়ার, যা কবর, মিজান, হাশর এবং পুলসিরাতেও সমর্থন যোগাবে। আপনার ক্যারিয়ার কি আখিরাতে নাজাত দিবে—এই প্রশ্ন নিজেকেই করতে হবে।”

সৈয়দ ফয়জুল করিম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন এমন এক ক্যারিয়ার গড়তে চায়, যার ভিত্তিতে তারা সংসদ পরিচালনা করবে এবং আখিরাতেও মুক্তি পাবে। তিনি যোগ করেন, “ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বের দিকে তাকালেই আল্লাহর কথা মনে পড়ে। ইসলামী ছাত্র আন্দোলন যেমন দুনিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তেমনি আখিরাতেও সর্বোচ্চ মর্যাদা পাবে ইনশাআল্লাহ।”

তিনি হযরত ওমর (রা.)-এর দৃষ্টান্ত তুলে ধরে বলেন, “যেমন তিনি দরবেশী ভঙ্গিতে গোটা দুনিয়া শাসন করেছিলেন, ইসলামী ছাত্র আন্দোলনও দরবেশী ভঙ্গিতে বিশ্ব শাসন করবে।”

এসময় তিনি বলেন, “আমরা কখনো কান্নায়, কখনো সেজদায়, আবার কখনো বুক উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হুংকার দিয়ে যাব। আমাদের মেয়েরা হযরত আছিয়া (রা.)-এর আদর্শে ক্যারিয়ার গড়বে, হযরত আয়েশা (রা.)-এর মত মেধাবী এবং হযরত উম্মে সালমা (রা.)-এর মত জ্ঞানী হবে।”

প্রধান অতিথি আহ্বান জানান সাহাবী ও সাহাবিয়াদের অনুসরণ করে এমন ক্যারিয়ার গড়তে, যা দুনিয়ায় সফলতা এবং আখিরাতে মুক্তি দেবে।

উল্লেখ এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।