পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদে ডা: আইয়ুব নবীর যোগদানে আপত্তি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সাবেক সমন্বয়করা। ডা: আইয়ুব নবীকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার যোগদানকে কেন্দ্র করে পটিয়ায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের আশঙ্কা করছেন তারা। আজ (সোমবার) এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান বরাবর লিখিত অভিযোগ দেন সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী।

অভিযোগে সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী বলেন, ” ডাঃ আইয়ুব নবী ইতিপূর্বে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১ বছর আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জনতার ক্ষোভের মুখে তাকে বদলি করা হলেও সম্প্রতি একটি প্রজ্ঞাপনে তাকে স্বপদে বহাল রাখা হয়। যা অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এই প্রহসনমূলক প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে পটিয়ার বিপ্লবী ছাত্র-জনতা। আমরা মনে করছি, পটিয়া মেডিকেলে ডাঃ আইয়ুব নবীকে স্বপদে বহালের আদেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। ডাঃ মুহাম্মদ আইয়ুব নবীকে (কোড-১২৪৫৭৫) পটিয়া মেডিকেলে বদলির আদেশ স্থগিত করার অনুরোধ রইলো।”

চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী বলেন, ‘ ফ্যাসিবাদের দোসরদের কোথাও বরদাশত করা হবে না। ফ্যাসিবাদীদের ঘনিষ্ঠ এক ডাক্তারের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।’

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান বলেন, ‘ একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে ডা: আইয়ুব নবীর যোগদানের সংবাদে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। আওয়ামীলীগ নেতাদের সাথে তার ঘনিষ্ট ছবি ফেসবুকে পোস্ট করে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন।