দেশের দক্ষিণ – পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ ভাবে অবনতি হওয়াতে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর থেকে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের সব ট্রেন বন্ধ রাখা হয়েছে।
আজ গণমাধ্যমকে এই তথ্য জানান রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বলেন, বন্যার পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। একই অবস্থা হয়েছে সিলেটের একটি রেলসেতুতেও। চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনেও পাহাড় ধস হয়েছে। এ অবস্থায় ট্রেন চালানো খুবই বিপজ্জনক। তাই যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রেলওয়ে কর্মকর্তারা বলেন, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। আর বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে।
গত পরশুদিন রাতের বেলা হঠাৎ করে ভারত থেকে বাধ খুলে দেওয়ায় বাংলাদেশের দক্ষিণ – পূর্বাঞ্চলে দেখা গিয়েছে ভয়াবহ বন্যা। ফেনির সাথে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন পুরো দেশবাসীর মধ্যে। অবনতি দেখা যাচ্ছে কুমিল্লা, চট্টগ্রামেও। গোমতি নদীতেও দেওয়া হয়েছে কড়া সতর্কতা, এদিকে ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
